সাকিবের স্বপ্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ জয় - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের স্বপ্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৩, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

কানাডা ও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি আসর খেলে দেশে ফেরার পর অনুশীলনে যোগ দেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাণিজ্যিক কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে হেলিকপ্টারে করে উড়ে গিয়েছিলেন বরিশালে। সেখানে একটি চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়ার পর বলেছেন তার আপাতত স্বপ্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়।

লঙ্কান প্রিমিয়ার লিগ খেলে দুবাই গিয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন সাকিব। সোমবার দেশে এসে পরদিনই বরিশালে যান তিনি। জেলার গৌরনদী উপজেলার নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নেন এই তারকা। দুপুরেই ফিরে আসেন ঢাকায়।

বরিশালের আয়োজনে অংশ নিয়ে গণমাধ্যমের সামনে আসেন। ক্রিকেট নিয়ে তার কি স্বপ্ন জানতে চাওয়া হলে বলেন, ‘এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ (জয়)। বাকিটা পরে দেখা যাবে।’

ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সাকিব বলেন, ‘ঢাকায় আমার একাডেমি আছে। আর অবশ্যই সবারই ইচ্ছে থাকে যে সেক্টরের, সে চিন্তা করে কীভাবে ওই সেক্টরকে আরও ভালো করা যায়। আমারও ওরকম চিন্তা আছে। কিন্তু ওটা ভবিষ্যতে দেখা যাবে।’

এসময় সমর্থকদের উদ্দেশ্যে এই অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। ’

সাকিব বলেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। আসলে মানুষের সঙ্গে মেশার সুযোগ তো ওভাবে হয় না। একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। একই সঙ্গে যেহেতু বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটে ওরকমভাবে আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে।

এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দিয়ে থাকে। বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে। আমরা সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করবো।

নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যরিস্টার মো. মনির হোসেন বলেন, আমার বাবাকে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিতে দেরি হওয়ায় তিনি দীর্ঘমেয়াদী অসুস্থতায় পড়েছিলেন। তাই প্রান্তিক অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন নায়ক নিরব, আন্তর্জাতিক মেকাপআর্টিস্ট সেলিনা মনির প্রমুখ।

সাকিব নিজেও একটি স্বেচ্ছাসেবী চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত। ক’মাস আগে তৈরি করেছেন ক্যানসার ফাউন্ডেশন। বরিশালের মানবিক কাজেও অংশ নিতে পারায় নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি, ‘আমার নিজের একটা ক্যানসার ফাউন্ডেশন আছে। এরকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে।’