‘সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ব্যাংকিং খাতের নৈরাজ্যের বহিঃপ্রকাশ’ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ব্যাংকিং খাতের নৈরাজ্যের বহিঃপ্রকাশ’

জনবার্তা প্রতিবেদন
মে ১৫, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে তারই বহিঃপ্রকাশ সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যে ৮ হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে এতে কি চোরকে বাংলাদেশ ব্যাংকে আসতে হয়েছে? এই যে ৭-৮টা ব্যাংকের মালিক একটা গ্রুপ, এদের বিরুদ্ধে কথা বলাও কঠিন। তারা সম্প্রতি আরেকটা ব্যাংককে নিয়ে নিয়ে যাচ্ছে। এসব ঢাকতেই আজ সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা।

বুধবার (১৫ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ‘সাংবাদিকদের প্রবেশাধিকারে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে নেতৃবৃন্দকে অবহিতকরণ’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাবের সেক্রেটারি বলেন, আপনাদের অধিকার আদায়ে আর বসে থাকার সময় নেই। আপনাদের রাস্তায় নামতে হবে। ইআরএফ একটি সম্মানিত সংগঠন। আপনাদের এই আন্দোলনের দীর্ঘ পথ পাড়ি দিতে আমি আপনাদের সঙ্গে আছি। আপনাদের এই আন্দোলন আরও বেগবান করুন। সাংবাদিকদের রিপোর্টগুলো সরকারকে সাহায্য করে। তাই এই আন্দোলন আরও জোরেসোরে চালান। দাবি আদায় করেই ছাড়ব।