সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য দেন তিনি।

পররাষ্ট্র সচিব জানান, প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেছেন। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতোমধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেসব পদক্ষেপ সম্পর্কে আমরা প্রতিনিধি দলকে অবহিত করেছি।

জসীম উদ্দিন বলেন, দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এ সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা। একইসঙ্গে শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তাসহ নানা বিষয়ে আমরা আলোচনা করেছি।

বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে জানিয়ে সচিব বলেন, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।