দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার রাধানগরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
লায়লা পারভিন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহিদ স ম আলাউদ্দিনের মেয়ে।
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসাবে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান।
সেঁজুতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একইসঙ্গে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাকে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নম্বর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।
