শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। দেশটির উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ। কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজ পাঠানো হয়েছে।

রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। এছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়।

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ‍্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা। তিনি বলেছেন, বন্ধুরাষ্ট্রগুলোকে এ ইস্যুতে কাজে লাগানো হবে কি না, এর সিদ্ধান্ত নেবে সরকার।

দিল্লিতে বাংলাদেশ মনোনীত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার অ‍্যাগ্রিমো এখনও পায়নি ঢাকা, আড়াই-তিনমাস সময় লাগা স্বাভাবিক ব‍্যাপার, এমনটা বলছেন রফিকুল আলম।

এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

আগামী ১৮ ফেব্রিয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোলি ঢাকা সফরে আসছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।