শীতলক্ষ্যা থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, , |

শীতলক্ষ্যা থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল (৮) ও ইসমাইল (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে শীতলক্ষ্যা নদীর বন্দর থানার ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল বন্দরের কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজী এবং ইসমাইল পাশের বাড়ির বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকাল থেকেই তারা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোথাও পাওয়া যায়নি। আজ সকালে শীতলক্ষ্যার তীরে তাদের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।