শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের পুলিশের লাঠিপেটায় নারীসহ আহত ৬ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের পুলিশের লাঠিপেটায় নারীসহ আহত ৬

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৬, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে নারীসহ ছয়জন মাদরাসা শিক্ষক আহত হয়েছেন।

আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহতরা হলেন- আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫), বিন্দু ঘোষ ও মারুফা আক্তার (২৫)।

তাদের হাসপাতালে নিয়ে আসা মো. বেলায়েত হোসেন বলেন, গত আটদিন যাবত আমরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছিলাম। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার উদ্দেশে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা প্রেস ক্লাব থেকে রওনা হয়েছিলাম। পরে শাহবাগে আমাদের মিছিলটি পৌঁছানো মাত্রই পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটা করে। এতে আমাদের নারী মাদ্রাসা শিক্ষকসহ ৩০-৪০ আহত হন। এদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। অন্যদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি ছিল আমাদের ন্যায্য দাবি। আমরা গত ১৯ জানুয়ারি থেকে এ দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ ধর্মঘট করে আসছিলাম। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে পুলিশ আমাদের ওপর ন্যক্কারজনক হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুপুরে নারীসহ পাঁচ মাদ্রাসা শিক্ষককে আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।