রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের আট কেজির বেশি স্বর্ণসহ এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
আটক নারীর নাম রেখা পারভীন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় নামেন তিনি।
আটকের সময় তার কাছ থেকে ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৮ কেজি ২১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দার বিশেষ টিম।
বুধবার (২০ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক ফারহানা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নং- EK584 এর যাত্রী রেখা পারভীনকে তল্লাশি করে তার সাদা হ্যান্ড ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণ (যাত্রীসহ) গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। পরে গণনা করে ৬৯টি স্বর্ণবার, একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। এছাড়া তার দেহ তল্লাশি করে আরও ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা জানায়, রেখা পারভীনের থেকে উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৮ কেজি ৪ গ্রাম, একটি স্বর্ণের চেইন যার ওজন ১১৫ গ্রাম এবং ৬টি স্বর্ণের চুড়ি যার ওজন ৯৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম, যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।
জব্দের পর স্বর্ণ বারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়। এবং রেখাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।



