শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে বৃষ্টির জন্য নামাজ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে বৃষ্টির জন্য নামাজ

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৩, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে মানুষ। এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসল্লিদের নিয়ে ইসতিসকার নামাজ আদায় করলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে মুসল্লিদের নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন।

গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নামাজে অংশ নেওয়ার জন্য আহ্বানও জানিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ। ওই পোস্টে তিনি লিখেছেন, তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল৷ এ সময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ প্রিয়নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন। (বুখারি, মুসলিম)। তিনি দেশের সকল ইমাম-খতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিসকার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানান।

ফেসবুকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আফতাবনগর ঈদগাহ মাঠে সালাতুল ইস্তিসকার সালাত আদায় করার কথা জানান তিনি। এজন্য আশপাশের লোকজনকে নামাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

নামাজ চলাকালীন প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এতে ইমামতি করেন শায়খ আহমাদুল্লাহ। পরে আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।