লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জনবার্তা প্রতিবেদন
জুন ২৬, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগারা সীমান্তের ৯১৯ সাব পিলারে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ওই ইউনিয়নের দুলালী গ্রামের মইনুদ্দিনের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীর রাতে নুরুলসহ কয়েক বাংলাদেশি ভারতীয় গরু আনতে মালগারা সীমান্তে যায়। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মারা যায় নুরুল ইসলাম। পরে অপর বাংলাদেশিরা তার মরদেহ দেশের অভ্যন্তরে নিয়ে এলে পুলিশ মরদেহটি উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, নিহত নুরুল ইসলামের ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করেছে। কিছুক্ষণ পর লালমনিরহাটে পাঠানো হবে। এ ঘটনার প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এই ঘটনায় ব্যাটলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ঘটনার প্রতিবাদ জানানো হবে।