রাষ্ট্র কাঠামো দুর্বল না করেই সংস্কারের পরামর্শ আইন উপদেষ্টার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্র কাঠামো দুর্বল না করেই সংস্কারের পরামর্শ আইন উপদেষ্টার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৪, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার জরুরি হলেও তা যেন অতিরিক্ত চাপ সৃষ্টি করে কাঠামোকে দুর্বল না করে, এমন সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, যেকোনো সংস্কার বাস্তবতার আলোকে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে, তাহলেই উদ্যোগগুলো টেকসই হবে।

আজ সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, আমাদের অবশ্যই সংস্কারের চিন্তা থাকতে হবে। তবে তা আরও বাস্তব চিন্তার আলোকে হওয়া প্রয়োজন। আমরা খুব বেশি (সংস্কার) করতে পারিনি। তবে আকাঙ্ক্ষা থাকবে নতুন সরকার আসলেও যেন এসব উদ্যোগ চলমান থাকে। না হলে উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশে যত পরিবর্তন বা সংস্কার হয়েছে, তা আইনের মাধ্যমেই হয়েছে। পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে যাওয়ার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে বিনা মূল্যে সেবা নেওয়া যায়। এ প্রক্রিয়ায় একজন বিচারকের পরিবর্তে তিনজন বিচারককে যুক্ত করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সংস্কারের বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয় ২১টি জায়গায় সংস্কার করেছে। তবে এগুলো টিকবে না যদি না আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই এতে যুক্ত না হন এবং ধারাবাহিকতা বজায় না থাকে।

প্রযুক্তির মাধ্যমে আইনজীবীরাও আরও বেশি সেবা দিতে পারবেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনেকে মনে করেন প্রযুক্তি এলে মামলা কমে যাবে। আসলে বিষয়টি এমন নয়। এতে সেবা আরও বেশি দেওয়া যাবে।