যুবদলের নয়নকে নিয়ে মন্তব্য, পাটওয়ারীর বিরুদ্ধে মানহানি মামলা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের নয়নকে নিয়ে মন্তব্য, পাটওয়ারীর বিরুদ্ধে মানহানি মামলা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৩, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) কাজী মুকিতুজ্জামান নামে এক যুবদল নেতা বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

মামলার আবেদনে বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসিরুদ্দীন পাটওয়ারী আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

সেখানে বলা হয়, গত ১ নভেম্বর যুবলীগ নেতা নয়নকে নিয়ে এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমান চাঁদাবাজী করেছে এবং দূর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিস্কার করতে চেষ্টা করেছি। ওনাদের মাথা ক্লিন হয় নায় বডিও ক্লিন হয় নাই। এখন আমার মনে হয় ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। তার এমন বক্তব্যের মাধ্যমে বিএনপিসহ যুব সমাজের সামনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিষয়টি মানহানিকর বলেও আবেদনে উল্লেখ করা হয়।