যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দলের পদযাত্রা আটকে দিল পুলিশ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দলের পদযাত্রা আটকে দিল পুলিশ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৬, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংসদ নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে পুলিশের বাধার মুখে পড়েছেন আট দলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশাল মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনায় যান যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি দলের হাজারো নেতা-কর্মী। এ সময় পুলিশ তাদেরকে থামিয়ে দেন। পরে আট দলের শীর্ষ নেতারা স্মারকলিপি নিয়ে যমুনায় যান।

আট দলের মধ্যে রয়েছে— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

এর আগে সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন জামায়াত নেতাকর্মীরা। সেখানে অন্য ইসলামি দলগুলোও মিছিল নিয়ে জড়ো হয়।

সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর শীর্ষ নেতারা গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড তথা নির্বাচনী পরিবেশ তৈরির বিষয়ে সরকারকে তাগিদ দেন।

দলগুলোর পাঁচ দফা দাবি হলো— জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।