মোরেলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
মে ১৩, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে আলম ফরাজি (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ মে) বেলা ২টার দিকে পুলিশ তার লাশ নিজেদের হেফাজতে নেয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আলম ফরাজিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে – এমন সন্দেহে পুলিশ তার মা রহিমা বেগম (৬৫), ভাই বাদশা ফরাজি (৪৫) ও বোন রেক্সনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত আলম ফরাজি নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুর রব ফারাজির ছেলে। আলম ফরাজির স্ত্রী ও দু’সন্তান রয়েছে।

নিহত আলম ফরাজির মা রহিমা বেগম বলেন, তার ছেলে দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিল। পরিবারের সদস্যরা তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। রোববার দিবাগত রাত ১টার দিকে আলমকে ঘরের পিছনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। আজ বেলা সাড়ে ১০টার দিকে দেখি সে গাছের গোড়ায় বসে আছে। পরে দেখি সে মৃত। তার গলায় একটি রশি পেঁচানো ছিল।

খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আলম ফরাজির মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। জ্ঞিাসাবাদের জন্য তার মা, ভাই ও বোনকে থানায় নেওয়া হয়েছে। এখন লাশের পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করানো হবে।