মেহেরপুরের মুজিবনগর উপজেলাধীন বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামে আলম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে আলম হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আলম হোসেন তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার তারানগর গ্রামে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এমন সংবাদ পেয়ে তিনিসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় আলম হোসেন নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় দেখতে পান তারা।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, আলম হোসেনকে বাম পাশের চোয়াল, ঘাড় এবং কপালের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে – সে বিষয়টি প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
হত্যার মূল রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
