মৃত কর্মচারীর নামে বেতন উত্তোলনের দায়ে কেসিসি’র ৩ মাস্টাররোল কর্মচারীকে অব্যাহতি - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৃত কর্মচারীর নামে বেতন উত্তোলনের দায়ে কেসিসি’র ৩ মাস্টাররোল কর্মচারীকে অব্যাহতি

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২১, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মৃত কর্মচারী শেখ ইব্রাহিমের নাম বেতনের তালিকায় রেখে প্রায় সাড়ে ৬ লাখ টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন মাস্টাররোল কর্মচারীকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বুধবার কেসিসি’র সচিব স্বাক্ষরিত স্মারকে (নং ৪৬.১৩.০০০০.০০৯.২৭.০০৯.২৩.১৩৬৮) এ অফিস আদেশ দিয়েছেন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন লাইব্রেরী শাখার অফিস সহায়ক মোঃ সাইফুর রহমান, কঞ্জারভেন্সী শাখার মাস্টার রোলের শ্রমিক মোঃ রুবেল এবং যানবাহন (গ্যারেজ) শাখায় কর্মরত শ্রমিক মোঃ শহিদুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়েছে, ২১ ডিসেম্বর (আজ) থেকে কেসিসি’র মাস্টাররোল চাকুরি থেকে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো। উলে­খ্য উক্ত অব্যাহত প্রাপ্ত মাস্টাররোল শ্রমিকরা ভবিষ্যতে খুলনা সিটি কর্পোরেশনের কোন ধরনের কাজে নিয়োজিত হতে পারবে না মর্মে আদেশ দেয়া হয়েছে।

২০২০ সালের ৭ মে মাস্টাররোল কর্মচারী শেখ ইব্রাহিম মারা যান। মৃত ব্যক্তির নামে হাজিরা ও মাসিক মজুরি বিল প্রস্তুত করে তার প্রতিমাসের মজুরি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করতো অব্যাহতি প্রাপ্ত তিন কর্মচারী।