মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের তথ্য পেতে গণবিজ্ঞপ্তি - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের তথ্য পেতে গণবিজ্ঞপ্তি

জনবার্তা প্রতিবেদন
জুন ৫, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের তথ্য পেতে গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একটি সূত্র।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালয়েশিয়া গমনেচ্ছু যে সকল কর্মী মালয়েশিয়া গমন করতে পারেনি, তারা আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদিসহ (নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রিক্রুটিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমইটি’র স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের স্বপক্ষে প্রমাণকসহ) নিম্নবর্ণিত ই-মেইলে অভিযোগ দাখিল করতে পারবেন। এছাড়াও তারা তথ্য ই-মেইলে এই ঠিকানায় enquiry.committee.malaysia@gmail.com পাঠাতে পারবেন। অভিযোগকারীরা এর পাশাপাশি ফোন করেও অভিযোগের বিষয়ে অবহিত করতে পারবেন।

এতে বলা হয়েছে, ফোনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ারের (০১৯২৪-২৭৭ ০৮৩) ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক সাজ্জাদ হোসেন সরকারের (০১৭১৫-২২৮ ৩০৭) নম্বরে কল করতে বলা হয়েছে।

তবে মালয়েশিয়ায় নিয়োগানুমতি ও বিএমইটি’র স্মার্ট কার্ড পাওয়ার পরও রিক্রুটিং এজেন্সি মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়াতে কর্মী প্রেরণে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণের জন্য এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব-এর নেতৃত্বে ৬ (ছয়) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গণবিজ্ঞপ্তি দিয়ে যেতে না পারা কর্মীদের খুঁজছে সরকার। যাদের বিএমইটির কার্ড আছে তাদের তথ্য মন্ত্রণালয়ের কাছে থাকার কথা। এ বিষয়ে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করেছি। কোন কারণে কর্মীরা যেতে পারেনি, কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে। এ সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে প্রতিবেদন আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।