মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২২, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে। এমনটাই জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। তাঁরা আহতদের পর্যবেক্ষণ করে দেখবে এবং যদি প্রয়োজন হয়, তখন তাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে, যা যা প্রয়োজন, তাই করা হবে। যতজনকে বিদেশে নেওয়া দরকার, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদের অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে চিকিৎসকেরা চিন্তিত।’

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সব সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলব, ট্রেনিং কোথায় হবে, কোন চ্যানেলে করতে হবে সেটা নতুন করে দেখতে হবে। ঢাকা শহর ঘনবসতিপূর্ণ। এটা ভাবতে হবে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, বিমান নানা কারণে বিধ্বস্ত হতে পারে। এর মধ্যে প্রধান কারণ, পাইলট এরর এবং টেকনিক্যাল সমস্যা। যদিও উড়োজাহাজগুলো পুরোনো৷ এগুলো ট্রেনিং জেট। আমার জানামতে এগুলো পুরোনো হলেও ভেতরের যে অ্যাম্বিয়েন্ট ও কম্পোনেন্ট আপডেট করা হয়। এখন এটার ব্ল্যাকবক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না, এটা কি টেকনিক্যাল এরর নাকি পাইলট এরর। পাইলট এররের কারণেও বিমান দুর্ঘটনা ঘটে। বিমান যিনি উড়াচ্ছিলেন তিনি মারা গেছেন। এটা খুব মর্মান্তিক ঘটনা।

এর আগে, গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং আহত ৭৮ জন চিকিৎসাধীন। নিহত ও আহতদের অধিকাংশই শিশু। মর্মান্তিক এ ঘটনার স্মরণে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

পুরোনো মডেলের বিমান দিয়ে প্রশিক্ষণের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে শ্রম উপদেষ্টা বলেন, ‘বিমানের ফ্রেম পুরোনো হলেও ভেতরের ইঞ্জিন ও যন্ত্রাংশ নিয়মিত আপডেট করা হয়।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কোথায় হবে, সে বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।’