ভারতে সাজাভোগের পর দেশে ফিরলেন পাচার হওয়া ৫ বাংলাদেশি - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে সাজাভোগের পর দেশে ফিরলেন পাচার হওয়া ৫ বাংলাদেশি

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৪, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

দালালের খপ্পরে পড়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা শেষে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি।

শনিবার (১৩ জুলাই) রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম।

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা এসব তরুণ-তরুণীদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গ্রহণ করে। ফেরত আসাদের মধ্যে ৪ জন তরুণ ও একজন তরুণী রয়েছেন। যাদের বাড়ি খুলনা, যশোর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।

ওসি আজহারুল ইসলাম বলেন, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে এরা বিভিন্ন সময় অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে কাজের সন্ধানে ঘোরাঘুরি করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে। পরে আদালতে সোপর্দ করলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে কারাগারে পাঠায়।

পরে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ঊর্ধ্বতন প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।