ভবনটিতে ছিল না সেফটি প্ল্যান, নোটিশ দেওয়া হয় কয়েক বার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভবনটিতে ছিল না সেফটি প্ল্যান, নোটিশ দেওয়া হয় কয়েক বার

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৭, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গুদামে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে সংস্থাটি জানিয়েছে, ভবনটিতে দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে তাদের। এছাড়া ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এর আগে ভবনটিকে কয়েক দফা নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস। তবে সেই নোটিশের তোয়াক্কা করেনি মালিক পক্ষ।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘণ্টা। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।

ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না জানিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েক বার নোটিশ দেওয়া হয়েছিল।

এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারা আগুন লাগার খবর পান। সাততলা একটি ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর একে এক বাড়ানো হয় ইউনিটের সংখ্যা।

মোট ১২টি ইউনিট সেখানে কাজ করে। বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি অংশ নেয়।