খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলতলা সদর ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-যশোর মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে চৌদ্দমাইল সুপার জুট মিলের কাছে ইউপি চেয়ারম্যান বাশার দাঁড়িয়ে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কের ওপর বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।
এই হামলার ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা ফুলতলা বাজার এলাকায় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
ফুলতলা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কে বা কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনার পরপরই খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা এক যৌথ বিবৃতিতে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।
বিবৃতিতে তারা বলেন, পতিত সরকারের দোসররা খুলনাকে অশান্ত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপি নেতা শেখ আবুল বাশারের ওপর বোমা হামলা তারই অংশ।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপির নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
