বাগেরহাটে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রী নিহত - জনবার্তা
ঢাকা, , |

বাগেরহাটে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

জনবার্তা প্রতিবেদন
মে ২৫, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণহীন পিকআপের ধাক্কায় শোভা খাতুন (৯) নামের এক চতুর্থ শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৫ মে) সকালে রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। রামপাল থানা পুলিশের (ওসি তদন্ত) বিধান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শোভা উপজেলার শ্রীফলতলা এলাকার আলমগীর হোসেনের মেয়ে ও পার্শ্ববর্তী শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে স্কুলছাত্রী শোভা মায়ের সঙ্গে প্রাইভেট পড়ার জন্য হেঁটে হেঁটে রামপালের দিকে যাচ্ছিল। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে ঘাতক পিকআপ এসে শোভাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি বিধান বিশ্বাস বলেন, এ খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক পিকআপটি হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।