ফুলবাড়ী সীমান্তে ৫ বাংলাদেশিকে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী সীমান্তে ৫ বাংলাদেশিকে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে প্রবেশ করে ৫ বাংলাদেশিকে মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল সীমান্তের ৯৩০ মেইন পিলারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশিরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

মারধরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন শামসুল, জাবেদ আলী, তাজুল ইসলাম, কাশেম আলী ও রিপন। তারা সবাই সীমান্তবর্তী কৃষ্ণানন্দ বকসী গ্রামের বাসিন্দা।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান বলেন, স্থানীয়দের অভিযোগ গোড়কমন্ডল সীমান্তের কৃষ্ণানন্দ বকসী গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি।