পালিয়ে যাওয়া সাবেক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পালিয়ে যাওয়া সাবেক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১০, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ।

মহিবুল্লাহ বলেন, সাবেক ওসি শাহ আলমকে ধরতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁকে ধরতে যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সব কটি ইউনিট। স্থলবন্দর, বিমানবন্দর সহ সব জায়গায় সতর্ক করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও রুজু করেছেন বলেও জানান মহিবুল্লাহ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালান শাহ আলম।

অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হয়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।