নেত্রকোনায় পতিত জমিতে পড়ে ছিল সাবেক মেম্বারের লাশ - জনবার্তা
ঢাকা, , |

নেত্রকোনায় পতিত জমিতে পড়ে ছিল সাবেক মেম্বারের লাশ

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার কলমাকান্দা পতিত জমি থেকে মতিউর রহমান (৬০) নামে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় রামনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

মতিউর রহমান পোগলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের দুই বারের সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের মূলগাঁও গ্রামের ফজর উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর। পরে দুইজন লোক এসে মোটরসাইকেল করে বাড়ির সামনে থেকে তাকে নিয়ে যায়। সকালে বাড়ি না ফেরায় তার ছেলে বাবুল মিয়া তাকে খোঁজতে বাড়ি থেকে বের হন। পরে ১০টার দিকে পাশের রামনাথপুর এলাকার একটি পতিত জমিতে মতিউরের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মতিউরের ছেলে বাবুল মিয়া বলেন, শেষ রাতে একজনের কল পেয়ে বাবা বাড়ি থেকে বের হন। সকালে বাড়ি না ফেরায় খুঁজতে বের হই। পরে জানি পাশের রামনাথপুর গ্রামের পতিত জমিতে লাশ পড়ে আছে। এটি একটি পরিকল্পিত হত্যা। এ ঘটনায় মামলা করা হবে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, শেষ রাতে কারও কল পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর। ভোরে স্থানীয় দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতেও দেখেছেন স্থানীয়রা। পরে রামনাথপুরের একটি পতিত জমিতে লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সবদিক বিবেচনায় রেখে ঘটনা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।