নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২০, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী জেলা সদরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের জোদ দারগা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী (৩৬)। তিনি নওগাঁ জেলা সদরের খাস নওগাঁ গ্রামের আসাদ আলীর ছেলে। অপরজন নীলফামারীর জলঢাকা উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের (৫২)। তিনি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুরের মৃত জাকারিয়া হোসেনের ছেলে।

পুলিশ বলছে, বুধবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে সৈয়দপুর থেকে অফিসে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ও জলঢাকা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের। সকাল পৌনে ৯টার দিকে নীলফামারী পৌরসভার জোদ দারগা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পিকআপ নিয়ে চালক পালিয়ে যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম মোবাইল ফোনে জানান, মরদেহ দুটি থানায় নেওয়া হয়েছে এবং আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।