নির্বাচন সুষ্ঠু না হলে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি: ইসি আনিছুর - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন সুষ্ঠু না হলে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি: ইসি আনিছুর

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন সুষ্ঠু না হলে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে হতে পারি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। আজ মঙ্গলবার (০২ জানুয়ারি) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

আনিছুর রহমান বলেন, ‘উদ্দেশ্য একটাই সেটি হলো—অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই—তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। আমরা সেটা চাইব না। কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কোনো মতেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যেই পদক্ষেপ গ্রহণ করার দরকার সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেখানে পদক্ষেপ নিতে হবে।’

মাঠে প্রায় তিন হাজার এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা তিনটি শব্দের কথা বলে থাকি এগুলো হলো—অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এর কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু আমাদের দৃষ্টিতে ১৮ কোটি মানুষ দেখছে তা নয়। আমাদের দেখছে সমগ্র বিশ্ব। আমরা কীভাবে নির্বাচন করব, কতটুকু গ্রহণযোগ্য হবে, এইটা তাঁরা মূল্যায়ন করবে। এবার সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন। তাঁরা কে কোথায় যাবেন, এটা তাঁদের উইলনেস, আমরা কাউকেই ইম্পোজ করব না যে আপনারা এখানে বা ওখানে যান। তাঁরাই ঠিক করবেন কোথায় যাবেন, আমরা তাঁদের যাতায়াত ও নিরাপত্তার ব্যবস্থা করব।’

ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।