নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৬, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। সংঘর্ষের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে বাঁশগাড়ি ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এতে টেঁটা ও বন্দুকযুদ্ধে প্রাথমিকভাবে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দের জের ধরে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তির নিহত এবং আহত হওয়ার ঘটনায় মামলা ও পাল্টা মামলা রয়েছে একে অপরের বিরুদ্ধে। এসবের জের ধরে রোববার সকালে ‘যুদ্ধের ডাক’ দিয়ে দুই পক্ষ টেঁটা, বললম, দাঁ, ছুরি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আশরাফুল চেয়ারম্যানের সমর্থক আলমগীর হোসেন আলমসহ দুইজন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে শুনেছি। আহতদের উদ্ধার করে নরসিংদী, বাহ্মণবাড়ীয়র নবীনগর ও বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের (আরএমও) ডা. মাহমুদুল কবীর বাসার বলেন, আলমগীর নামে একজনকে মৃত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকির হাসান রাতুল সমর্থিত দুইজন ও আশরাফুল ইসলামের একজন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে জানতে পেরেছি। দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে— এমনটা খবর পেরেছি।