নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয় : নাহিদ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয় : নাহিদ

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এ সপ্তাহের শেষদিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা পদ ছাড়া নিয়ে তিনি বলেন, পত্রপত্রিকায় বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি যে এভাবে আসা উচিত না। কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না।

নতুন দলে যোগ দেয়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি যে, সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব।

এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নতুন দলে যোগদানের বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। কিন্তু সেটার সম্ভাবনা আছে। হয়তো এ সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব।