ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৪, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে হাফিজুর (১৩) ও তাইফা (৩) নামে দুই শিশুকে কুপিয়ে হত্যার দায়ে ইলিয়াসকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রিগান নামে আরও এক নারী আহত হলে তাকে চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দিনগত গভীর রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া এলাকার পূর্ব গুদিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ইলিয়াস সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি আহত রিগানের আপন বড় বোনের স্বামী।

নিহত শিশু হাফিজুল একই এলাকার গোলাম খবিরের ছেলে ও তাইফা আহত নারী রিগানের মেয়ে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী পরিত্যক্তা নারী রিগানের প্রতি লালসা ছিল দুলাভাই ইলিয়াসের। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে রিগান, তার শিশু কন্যা তাইফা ও প্রতিবেশী শিশু হাফিজুলকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। গভীর রাতে ওই বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ইলিয়াস জোরপূর্বক রিগানের সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে চাইলে রিগান বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে ইলিয়াস। এ সময় রিগানকে বাঁচাতে এলে দুই শিশুকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ইলিয়াস। ঘটনাস্থলেই শিশু হাফিজুলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে শিশু তাইফাও মারা যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ইলিয়াসকে গ্রেফতার করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত শিশুদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে।

আহত নারীকে চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।