দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুই ভাই নিহত - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুই ভাই নিহত

জনবার্তা প্রতিবেদন
জুন ৪, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে দু’টি কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে দুই ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক মো. সাগর ও সহকারী বেলাল হোসেন। তারা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল গাড়িটিকে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যানের মাধ্যমে ধাক্কা দিয়ে সচল করার চেষ্টা করছিলেন দুই ভাই। এ সময় গাড়িটিকে পেছন থেকে তৃতীয় আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানচালক ও তার ভাই গাড়ির মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই ভাইয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।