দিল্লি নয়, ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিল্লি নয়, ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২০, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সুখবর দিলো প্রশান্ত মহাসাগরীয় দেশ অস্ট্রেলিয়া। এখন থেকে দেশটির ভিসার জন্য বাংলাদেশিদের আর নয়াদিল্লি যেতে হবে না। ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার ভিসা পাবেন বাংলাদেশি নাগরিকরা।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার (২০মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ফোনালাপের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদকে এ ব্যাপারে জানান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে। বাংলাদেশ থেকে ভিসার দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন। এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করতো।