দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নারী-শিশুসহ আহত ৮ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নারী-শিশুসহ আহত ৮

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরের সদরের চুড়ামনকাঠিতে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে এক শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, শামীম হোসেন (৩২) ও তার স্ত্রী আলো বোগম (২৮), মিনার হোসেন ও তার স্ত্রী সুরাইয়া আক্তার তন্নী (২৫) এবং তার ছেলে শিশু আয়ান (৩)। এছাড়াও আরও ৩/৪ জন আহত হয়েছেন। আহত সবাইকে যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের বাসিন্দা।

মাইক্রোবাসের যাত্রী আরিফ হোসেন বলেন, শনিবার সকালে সাদিপুর থেকে একটি মাইক্রোবাসে করে পরিবার নিয়ে আমরা নাটোরে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে চুড়ামনকাঠি বাজারে সড়কের পাশে আমরা যাত্রাবিরতি দেই। আমাদের মাইক্রোবাসটি সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। এমন সময় দুটি ট্রাক ওভারটেক করছিল। একটি ট্রাক সামনে থেকে আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় আমাদের গাড়ির মধ্যে থাকা ৭/৮ জন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম চক্রবর্তী বলেন, সকালে চুড়ামনকাঠিতে মাইক্রোবাস দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের এখনও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এর মধ্যে দুইজন শিশুর অবস্থা গুরুতর।