তদন্তে ৫ সদস্যের কমিটি, নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তদন্তে ৫ সদস্যের কমিটি, নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৬, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনা

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া, ওই পরিবারের কোনো সদস্য বেকার থাকলে তাকে মেট্রোরেলে চাকরি দেয়ারও ঘোষণা দেন তিনি। ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ভবনের সামনে ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। পুলিশ নিহতের ব্যাগে রাখা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র থেকে তার পরিচয় শনাক্ত করে। আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ রাখবে। তবে আগারগাঁও-উত্তরা উত্তর স্টেশন অবধি ট্রেন চলাচল চালু থাকবে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসেও ফার্মগেট এলাকার একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে গিয়েছিল। সে সময় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা মেট্রোরেল বন্ধ থাকায় যাত্রীদের ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবার একই ধরনের ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটায় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখা দিয়েছে।

মেট্রোরেলের উড়ালপথের পিলারগুলোর সঙ্গে রাবারের তৈরি বিয়ারিং প্যাড সংযুক্ত থাকে যা ভাইব্রেশন শোষণ করে। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এসব প্যাড ছাড়া ট্রেন চালানো হলে উড়ালপথের স্থায়িত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।