ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৬, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত আঞ্চলিক যানবাহন নসিমনের সংঘর্ষে মেহেদী হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোবারকগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান উপজেলার নরেন্দ্রপুর এলাকার মাহাবুব হোসেনের ছেলে ও পরিবেশক সমিতির নসিমন চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১১টার দিকে দ্রুতগতিতে নসিমন চালিয়ে বাবরা রেলগেট পার হচ্ছিলেন মেহেদী হাসান। এ সময় গেটম্যান তাকে নিষেধ করলেও তিনি শোনেননি। গেট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যান্ত্রিক ত্রুটিতে গাড়িটি রেললাইনের ওপরেই দাঁড়িয়ে যায়। পরে তার গাড়ি বাঁচাতে গিয়ে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোবারকগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার তৌহিদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস টেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। ই-৩৬ নম্বর ইঞ্জিনিয়ারিং গেটে একটি শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি আটকা পড়ে যায়। গেটম্যান অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারেনি। পরে গাড়ি বাঁচাতে গিয়ে ওই যুবক ট্রেনে কাঁটা পড়ে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে বলেও জানান তিনি।