জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-মধুপুর সড়কের করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বালুবোঝাই ট্রাক। এতে ঘটনাস্থলেই চালকসহ ৪ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- জামালপুর সদরের নারায়ণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত মুনসফ আলীর ছেলে মো. নুর জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, জামালপুর শহরের গেইটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল ও সরিষাবাড়ী উপজেলার নখদাইর এলাকার আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির। আমজাদ ফকির আহত হয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালকসহ ৪ জন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। আর উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস।
সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরের দিকে আসা যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় সরিষাবাড়ী থেকে ঢাকামুখী একটি ট্রাক। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমরা ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। পরে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে ৪ জনের মৃত দেহ উদ্ধার করেছি।
