জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৪, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

যশোরের ঝিকরগাছায় রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে ফেরদৌসী খাতুন (৫০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (১৪ জুলাই) ভোররাতের দিকে উপজেলার নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করেছেন তারা।

নিহত ফেরদৌসী খাতুন নওয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, অঙ্গাতনামা চোর রান্নাঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্য ঘরে ঢুকেছিল। চুরির বিষয়টি ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বাম কানের পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত জান্নাতি খাতুন পাশের বাসায় থাকা তার চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচী নিলুফা খাতুনকে জানালে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত না। তবে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সাথে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটল সেটি আমরা তদন্ত করছি।