জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

জনবার্তা প্রতিবেদন
মে ১৬, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামায় জমি নিয়ে বিরোধের জেরে মো. ওসমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) লামা সরই ইউপির ১ নম্বর ওয়ার্ড হাছনাপাড়া এলাকার নেইচ্চার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ওসমান (৪০) ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে জায়গা-জমি নিয়ে ওসমানের পরিবারের সঙ্গে কবিরের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে শালিস প্রক্রিয়াও চলমান রয়েছে। এরই মধ্যে আজ দুপুরে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়। এছাড়া আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী পদুয়া হাসপাতালে নিয়ে গেলে আহত মো. ওসমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, উভয় পক্ষের মধ্যে ২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে শালিস প্রক্রিয়াও চলমান রয়েছে। তবুও দু’পরিবারের মারামারির পর আহতদের হাসপাতালে নেওয়ার পথে মো. ওসমানে মৃত্যু হয়।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।