চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৪, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের মাঠে নিজ জমিতে কাজ করার সময় নূরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, উভয় পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় চারজন গুরুতর জখম হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।

আহতরা হলেন- খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১) ও দিপু (১৭)। এরা তিনজনই গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জমিতে কাজ করতে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তা মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জয়নুর নামে এক ব্যক্তি নিহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।