সিরাজগঞ্জে মোতালেব হোসেন (৩০) নামে এক চালকের গলাকেটে হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রঘুরগাঁতী এলাকা থেকে মোতালেব হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোতালেব সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার সাইফুল ইসলামের ছেলে। তিনি শ্বশুরবাড়ির পৌর এলাকার গয়লা মহল্লায় থাকতেন।
ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন মোতালেব। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর আজ সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি সিরাজুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতে এসে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
