চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র তাজিমুল হত্যায় দু’জনের যাবজ্জীবন - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র তাজিমুল হত্যায় দু’জনের যাবজ্জীবন

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুলছাত্র তাজিমুল হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই কারাদণ্ডের আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. রুবেল হক ও একই গ্রামের নিয়ামুল হকের ছেলে মো. হযরত আলী। এদের মধ্যে দন্ডপ্রাপ্ত রুবেল আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন হয়রত আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, নিহত তাজিমুল পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন। ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা ধান নিয়ে আসার কথা বলে তাজিমুল হকের অটোরিকশা ভাড়া নেন। এরপর অটোরিকশা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাচোল উপজেলার চিনিসল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তার গলায় গামছা ও রশি পেঁচিয়ে এবং ইট নিয়ে মুখ থেতলে হত্যা করে।

পরে মরদেহ গুম করার উদ্দেশে ওই ভবনেই বালুচাপা দেওয়া হয়। পুলিশ ওইদিনই রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাজিমুলের নানা আব্দুল ওহাব বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ মে নাচোল থানার এসআই গোলাম রসুল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।