চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন ২৩ নাবিক - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন ২৩ নাবিক

জনবার্তা প্রতিবেদন
মে ১৪, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক কুতুবদিয়া থেকে এমভি জাহান মণি-৩ জাহাজে করে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছেন। এরপর তাদেরকে বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। এসময় নাবিকদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৪ মে) বিকেল চারটার দিকে জাহাজটি বন্দর জেটিতে পৌঁছে।

বন্দরে পৌঁছার পর সেখানে উপস্থিত সকলের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান নাবিকরা। সেখানে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নিজদের বাড়ির উদ্দেশ্যে নাবিকদের রওনা দেওয়ার কথা রয়েছে।

এর আগে, দুপুর ১২টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাহান মনি-৩। সোমবার (১৩ মে) বিকেলে নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ে। সেখানে চলছে চুনাপাথর খালাস কার্যক্রম।

উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়।

এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। সেই হিসেবে আমিরাত থেকে ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়।