রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেফতার হওয়া সাবেক ওসি শাহ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই থানা-পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের এডিসি আহম্মদ আলী।
তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান তিনি।
রাতে উত্তরা-পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে ওসির সঙ্গে কথা বলার ব্যাপারে।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাবেক ওসি শাহ আলম পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গতরাতে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান বিষয়টি জানার পর থেকে তাকে পুনরায় গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এ ঘটনার দায়িত্বের অবহেলা কারণে দায়িত্বরত একজন এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। ওই এএসআইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
