গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২২, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের বন্দর থানার ইউএনও’র বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আফজাল হোসেন (২২) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সহকর্মীরা বলছেন, তিনি নিজের শটগান দিয়ে নিজের মাথায় গুলি করেন।

সোমবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে আফজালকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মিরাজুল ইসলাম বলেন, আফজাল হোসেনসহ আমরা বেশ কয়েকজন বন্দর থানার ইউএনও’র বাসায় ডিউটি করি। আজ বিকেল ৪টার দিকে তার ডিউটি শুরু হয়। এরপর ৪টা ৪০ মিনিটের দিকে হঠাৎ একটি গুলির শব্দ পাই। আমরা দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ইউএনও’র বাসায় ওই আনসার সদস্য ডিউটি করতেন। বিকেলের দিকে এসে নিজের শটগান দিয়ে তার নিজের মাথায় গুলি করেন বলে আমাদের জানানো হয়েছে। ঘটনা সত্য কি না বা কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে।