গাজীপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১২, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা ও শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় বাস পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানাধীন ভোগড়া বাইপাসের পাশেপেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের এক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়ার মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, আগুন দেওয়ার সময় বাসে কোনো লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে হয়তো বাসটি সড়কের পাশে পার্ক করে রেখে দেওয়া হয়েছিল।

অন্যদিকে, একই রাতে কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই বাসের বেশ কিছু সিট পুড়ে গেছে।

এদিকে, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটে এক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।