গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৪, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলনের সময় যারা সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন, তাদের কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে অসত্য তথ্য প্রদান করে কোনো সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হলো।’