জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করেন। এ মামলায় মিজানুর রহমান জামিনে ছিলেন। এসময় আসামী আদালতে হাজিরা দিতে আসলে আদালত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠান।
আলহাজ্ব মিজানুর রহমান মিজান খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য।
সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।
অভিযোগপত্রে আলহাজ মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এক কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
