খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৯ জুন) রাতে শেরেবাংলা রোডের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হাসানুজ্জামান বলেন, রোববার রাত ১০টার পর আমার স্ত্রী ২ মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে বাসায় এসে দরজা খুলতে পারছিলেন না। তখন তিনি দেখেন দরজা ভিতর থেকে আটকানো। এ সময় আমার শ্যালক ও স্থানীয়রা পাশের নির্মাণাধীন ভবনে গিয়ে আমাদের বাসার জানালার গ্রিল কাটা দেখতে পায়। আমি তখন বাইরে ছিলাম। পরে সবাই ঘরে ঢুকে দেখতে পায় রুমের মধ্যে কাপড়চোপড় সব ছড়ানো ছিটানো। ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নেই। আনুমানিক সাড়ে ৩ ভরি স্বর্ণের অলংকার ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।
তিনি আরও বলেন, বাড়ির মালিক কেএমপির সিটিএসবি শাখার অবসরপ্রাপ্ত দারোগা রেজাউল। তিনি বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে আছেন। তবে বাড়িওয়ালা এ বাড়িতে থাকেন না। হরিণটানায় তার অন্য বাড়িতে থাকেন।
এসআই মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
