খুলনায় ১০৫ কেজি ভেজাল মধুসহ দু’জন আটক - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ১০৫ কেজি ভেজাল মধুসহ দু’জন আটক

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ১০৫ কেজি ভেজাল মধুসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে নগরীর আড়ংঘাটা থানা এলাকার সিটি বাইপাস সড়কের মধু তৈরির কারখানা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভেজাল মধু তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক দুইজন হলেন সাতক্ষীরা শ্যামনগরের মাথুরাপুর এলাকার মোঃ আশরাফুল ইসলাম রিপন (৩৪) ও একই উপজেলার বাদঘাটা এলাকার শেখ শাহরিয়ার মাসুদ (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোঃ নুরুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আড়ংঘাটা থানার সিটি বাইপাস সড়কের আকমানের মোড়ে একটি কারখানায় ভেজাল মধু তৈরি করা হচ্ছে বলে জানতে পারে। দুপুর পৌনে ৩টার দিকে ওই এলাকার বাইতুস শরিফ জামে মসজিদের পূর্বপাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১০৫ কেজি ভেজাল মধু ও মধু তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মোঃ আশরাফুল ইসলাম রিপন ও শেখ শাহরিয়ার মাসুদ দীর্ঘদিন ধরে ভেজাল মধু উৎপাদন করে আসছিলেন। এসব ভেজাল মধু তৈরির জন্য তারা প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লুকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেয়। এরপর ওই মিশ্রণ ঠাণ্ডা হলে তাতে মধুর ফ্লেভার আনার জন্য সামান্য পরিমাণ মধু মেশানো হয়। এরপর ওই মিশ্রণ বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়।

তিনি আরও বলেন, এসব ভেজাল মধু তারা অনলাইন এবং অফলাইনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে, যা পরবর্তীতে খাঁটি মধু হিসেবে ভোক্তার কাছে যায়। এই মধু জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এতে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহানগর ডিবির প্রধান জানান, আটক মোঃ আশরাফুল ইসলাম রিপনের বিরুদ্ধে একটি সংঘর্ষের মামলা ও একটি মাদকের মামলা (৭ বছরের সাজাপ্রাপ্ত) রয়েছে। এছাড়াও আটক শেখ শাহরিয়ার মাসুদের বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মহানগর ডিবির প্রধান।