খুলনায় মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৮, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জ‌রিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সু‌মি আহমেদ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসা‌মিরা হলেন- বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধু‌রী এ তথ্য নি‌শ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালে ১৬ এপ্রিল দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরীর চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা করা হয়। এ মামলায় আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।